মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে বেনাপোলে শ্রমিক নেতা শহীদ আলীর সংবাদ সম্মেলন
- আপডেট: ০৭:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সাধারণ সম্পাদক এবং শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্যে শহীদ আলী বলেন, গত ২৪ সেপ্টেম্বর কন্যাদহ গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মগড়া তথ্য ছড়িয়েছে। কয়েকটি নামসর্বস্ব অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র প্রদর্শন, গুলিবর্ষণ ও বোমাবাজির কাল্পনিক অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
ঘটনার দিনের বিবরণ দিয়ে শহীদ আলী জানান, ঘটনার সময় তিনি বন্দর এলাকায় তাঁর ইউনিয়ন দপ্তরে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক ফোনে তাঁকে কন্যাদহ গ্রামের বিষয়ে অবগত করেন এবং নাভারণ ‘ক’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের উপস্থিতি সম্পর্কে জানান। পুলিশের আহ্বানে সাড়া দিয়েই তিনি পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারেন।
পুলিশের তদন্তের বিষয় উল্লেখ করে তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থল নিবিড়ভাবে পরিদর্শনের পরও কোনো ধরনের অবৈধ অস্ত্র কিংবা বিস্ফোরক উদ্ধার করতে পারেনি। এতেই স্পষ্ট প্রমাণিত হয় যে সংবাদমাধ্যমে উল্লেখিত অস্ত্র ও বোমাবাজির ঘটনাগুলো কেবলই রটনা ও বিভ্রান্তিকর।”
ঘটনার মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই শ্রমিক নেতা বলেন, “কন্যাদহ বাওড়কে কেন্দ্র করে স্থানীয় মৎস্য জীবীদের সাথে দীর্ঘ দিন ধরে একটি প্রভাবশালী পক্ষের বিরোধ চলে আসছে। কয়েক দিন আগে শহিদুল নামের এক নিরীহ জেলে বাওড়ে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ তাঁক মারধর করে চাঁদা দাবি করে। এর জের ধরেই স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটা এই মারামারির মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই স্বার্থান্বেষী দলটি আমাকে অহেতুক জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।”
সংবাদ সম্মেলনে শহীদ আলী স্পষ্ট জানান, তিনি কখনোই কোনো সহিংসতা কিংবা বেআইনি কর্মকাণ্ডকে সমর্থন করেন না। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত দাবি জানান তিনি। একই সাথে, সঠিক তথ্য যাচাই না করে একপাক্ষিক বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সভাপতি তবিবুর রহমান তবি, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াকুব আলী এবং শ্রমিক নেতা ইদ্রীস আলীসহ স্থানীয় বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ।






















