বেনাপোলে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৫:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৩০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, জিরা, ফুচকা, কিশমিশ, খাদ্যসামগ্রী, চকলেট ও কসমেটিকসসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১৪৫টি শাড়ি, ২ কেজি জিরা, ৮০ প্যাকেট ফুচকা, ৬ দশমিক ৫ কেজি কিশমিশ, ৬৫০ প্যাকেট খাদ্যসামগ্রী, ২৬৬টি চকলেট এবং ১ হাজার ২৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১৮ লাখ ১৮ হাজার ৩৮০ টাকা।
জব্দ করা চোরাচালান পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















