যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
- আপডেট: ০৭:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর-২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
বিদ্যালয়ের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের আয়োজনের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিকভাবে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করে আসছে। জেলা পুলিশ যশোরের তত্ত্বাবধানে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মো. মুন্না বিশ্বাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।





















