প্রেসক্লাব যশোরের নতুন আহ্বায়ক ফকির শওকত, সদস্য সচিব বিনয় কৃষ্ণ
- আপডেট: ১১:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৬১

যশোর অফিস : প্রেসক্লাব যশোরের নতুন আহ্বায়ক হিসেবে ফকির শওকত (দাদা ভাই) এবং সদস্য সচিব হিসেবে বিনয় কৃষ্ণ দায়িত্ব পেয়েছেন।
সংকটকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক একরাম উদ দ্দৌলা ও সদস্য সচিব মবিনুল ইসলাম মুবিন পদত্যাগ করার পর নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।
প্রেসক্লাব যশোর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ফকির শওকতের আহ্বানে মঙ্গলবার দুপুরে ক্লাবের নিজস্ব মিলনায়তনে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে ফকির শওকতকে আহ্বায়ক ও বিনয় কৃষ্ণ মল্লিককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

সভায় বলা হয়, গত ৬ আগস্ট ক্লাবের বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির ওপর অর্পিত দায়িত্ব সন্তোষজনকভাবে এগিয়েছে। ইত্যবসরে একরাম-উদ-দ্দৌলা, মবিনুল ইসলাম মবিন ও ওহাবুজ্জামান ঝন্টু যথাক্রমে আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য হিসেবে পদত্যাগ করায় কমিটির মধ্যে থেকেই নতুন আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত করার সিদ্ধান্ত হয়। আর একজন সদস্য এসএম তৌহিদুর রহমান এযাবৎ কোনো সভায় উপস্থিত না হওয়ায় কমিটির কাছে প্রতীয়মান হয়েছে যে, তিনি দায়িত্ব পালনে আগ্রহী নন। সেকারণে তাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
সভা আগেই মনোনীত নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে পূর্বনির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে। সেই অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য সচিব হাজি আনিছুর রহমান মুকুল ও সদস্য রেজাউল করীমকে যথাসময়ে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় নির্বাচন কমিশনের কাছে পাঠানোর জন্য রেওয়াজ অনুযায়ী ক্লাব সদস্যদের তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত হয়।
নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাব যশোরের চলমান সংকট নিরসন, সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করা এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।





















