ঝিকরগাছা পৌরসভায় প্রকৌশলী ছাড়াই চলছে উন্নয়ন প্রকল্পের কাজ
- আপডেট: ০১:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসভায় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও সার্ভেয়ার ছাড়াই চলছে প্রায় ২০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ। এতে প্রকল্পের কাজের তদারকি ও মান নিয়ে প্রশ্ন উঠেছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, সহকারী প্রকৌশলী পদটি গত দুই মাস ধরে শূন্য রয়েছে। উপ-সহকারী প্রকৌশলী পদটিও প্রায় তিন বছর ধরে শূন্য। এছাড়া সার্ভেয়ার জুলাইয়ের ২৩ তারিখে চলে যাওয়ার পর থেকে ওই পদেও কেউ নেই। ফলে বিভিন্ন জায়গায় চলমান কাজে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে ঝিকরগাছা পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বলেন, পৌরসভার বিভিন্ন জায়গায় ২০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। বর্তমানে প্রয়োজনীয় কারিগরি জনবল নেই। ফলে নন-টেকনিক্যাল লোকজন দিয়েই কাজ চলমান রাখার চেষ্টা করছি।
এদিকে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন না থাকায় উন্নয়ন প্রকল্পের কাজ মানসম্মত না হওয়ার আশংকা করেছেন পৌরসভার বাসিন্দাগন। তারা গুরুত্বপূর্ণ এসব প্রকল্প যথাযথ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেবার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


















