গোগায় ৫০ পিস ইয়াবাসহ সাতক্ষীরার মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট: ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আজিজুল ইসলাম (৬৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর-২০২৬) দিবাগত রাতে উপজেলার গোগা ইউনিয়নের গোগা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার নওয়াপাড়া (শ্বেতপুর উত্তরপাড়া) গ্রামের মৃত গোলাপ সরদারের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে ইতিপূর্বেও দুটি মাদক মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মোস্তাক আহামেদের নেতৃত্বে একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গোগা বাজার কলেজ মোড় এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আজিজুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামতসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






















