ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগসাজশ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট: ০৩:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ বাহিনীর কোনো সদস্য অপসারিত বা পলাতক ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগসাজশ রাখলে কিংবা অভ্যন্তরীণ তথ্য পাচার করলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এই কড়া হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, পুলিশ বাহিনীর কিছু সদস্য এখনো বিগত ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগী বা পালিয়ে থাকা শক্তিগুলোর সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং বাহিনীর ভেতরের নানা গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে পাচার করছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তিনি পরিষ্কার জানিয়ে দেন, যেকোনো সদস্য যদি শৃঙ্খলা ভঙ্গ করেন কিংবা ফ্যাসিবাদী গোষ্ঠীকে সহযোগিতা করেন, তবে তাকে বরখাস্ত করার পাশাপাশি রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত করা হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীকে পুনর্গঠন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার যে প্রক্রিয়া চলছে, তাতে শৃঙ্খলার বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অংশ হিসেবেই এই কড়া বার্তা দেওয়া হয়েছে।


























