জলঢাকায় ১০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিরাপদ পানির টিউবওয়েল বিতরণ
- আপডেট: ১১:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় সুবিধাবঞ্চিত একশ পরিবারের মাঝে নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জলঢাকা স্টেডিয়াম চত্বরে এ টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। Water Well Group (WWG)-এর অর্থায়নে এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বাস্তবায়নে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সহযোগী সমন্বয়কারী মো. আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির সংকট দূর করা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে জলঢাকা উপজেলার একশটি সুবিধাবঞ্চিত পরিবার নিজ বাড়িতে নিরাপদ ও সুপেয় পানির স্থায়ী উৎস পাওয়ার সুযোগ পেল। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।
টিউবওয়েল পেয়ে আবেগাপ্লুত এক উপকারভোগী বলেন, “আমাদের মতো গরিব মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা কত বড় একটি উপকার, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং তাদের জন্য দোয়া করি।”
উল্লেখ্য, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা মহামারির সময়ে দাফন সেবা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, দেশব্যাপী বৃক্ষরোপণ, ‘যাকাত স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং সুবিধাবঞ্চিতদের জন্য ‘মেহমানখানা’ চালুর মতো প্রশংসনীয় কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে।






















