শার্শায় মাদক ও অপরাধ দমনে অসামান্য অবদান: যশোরের শ্রেষ্ঠ এসআই শরিফুল ইসলাম
- আপডেট: ১২:২১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: মাদক, সন্ত্রাস, চোরাচালান দমন ও থানার সামগ্রিক অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে যশোর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন শার্শা থানার এসআই মোঃ শরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যশোর পুলিশ লাইন্সে আয়োজিত সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা ও বিশেষ পুরস্কার তুলে দেন।
শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আগস্ট/২০২৬ মাসে শার্শা থানায় দায়িত্ব পালনকালে এসআই শরিফুল ইসলাম অপরাধ দমনে অনন্য পারফরম্যান্স প্রদর্শন করেন। এ সময় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ১১ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেন। একই সাথে ৭ জন ভিকটিম উদ্ধার, নিয়মিত মামলার ১২ জন আসামি গ্রেফতার এবং মোবাইল কোর্ট ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৬ জনসহ মোট ২৯ জন আসামিকে আইনের আওতায় আনেন। এছাড়া তিনি ৭টি মাদক মামলার সফল বাদী হিসেবে ভূমিকা রাখেন।
সীমান্তঘেঁষা এলাকা শার্শায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী জোরালো অভিযান পরিচালনা ও চোরাচালান বন্ধে এসআই শরিফুল অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। শার্শা থানায় যোগদানের পর থেকেই অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এসআই মোঃ শরিফুল ইসলাম এই অর্জনকে তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে বলে জানান। তিনি বলেন, “এ স্বীকৃতি আমার কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে। শার্শাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে ওসি মহোদয়ের দিকনির্দেশনায় আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”





















