ঢাকায় শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহারাব গ্রেফতার
- আপডেট: ১১:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর-২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা-পুলিশের একটি দল।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নিষিদ্ধ ঘোষিত শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মগবাজার এলাকায় আত্মগোপনে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই গ্রেফতার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন সোহরাব হোসেন। তার বিরুদ্ধে শার্শা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সোহরাব হোসেন যশোরের শার্শা উপজেলার নাভারণ উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। ২০০৩ সাল থেকে তিনি শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি শার্শা ইউনিয়নের টানা দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সোহরাব হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



























