যশোর-মাগুরা মহাসড়কে হানিফ পরিবহনের নৈশকোচ গাছে ধাক্কা: চালকসহ আহত একাধিক একজনের অবস্থা আশঙ্কাজনক
- আপডেট: ০৯:২৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১১

লক্ষণ কুমার মন্ডল : যশোর-মাগুরা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আন্তঃজেলা বাস সার্ভিসের চালকসহ একাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে মহাসড়কের শতখালী এ. আর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে খুলনা অভিমুখে যাওয়ার পথে ‘হানিফ পরিবহন’-এর একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলতে থাকা বাসটি শতখালী জুট মিলের সমান্তরালে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে গাড়িটি রাস্তার পাশের একটি বড় গাছে সটান ধাক্কা মারে। এতে বাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।
দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। যাত্রীদের বাসের ভেতর থেকে বের করে এনে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
খবর পেয়ে স্থানীয় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মারাত্মকভাবে জখম হওয়া এক যাত্রীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এবং আরেকজনকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ফাতেমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়। নিয়ন্ত্রণ হারানোর পেছনে বাসের অতিরিক্ত গতি না কি চালকের তন্দ্রাচ্ছন্নতা দায়ী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।





















