প্রেসক্লাব যশোর নির্বাচনে সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম
- আপডেট: ০৫:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩

যশোর অফিস : উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
ঘোষিত ফলে সভাপতি পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক যশোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রভাতফেরী পত্রিকার সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের নূর ইসলাম। তাঁর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওয়াহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট এবং সময় টিভির জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট।
সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম। তাঁর প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।
কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে শহিদ জয় সর্বোচ্চ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া রফিকুল ইসলাম ৯২, মুর্শিদুল আজিম হিরু ৭৯, গালিব হাসান পিল্টু ৮১, এস এম সোহেল ৬২ এবং তৌহিদ জামান ৫৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী সাফিকুল আলম (সাফিক সাঈদ) ৫৪ এবং আব্দুল ওয়াহাব মুকুল ৪৮ ভোট পেয়েছেন।
এর আগে একক প্রার্থী থাকায় সহ-সভাপতির দুটি পদে দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও দৈনিক সুবর্ণভূমির বার্তা সম্পাদক সরোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের বার্তার জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে গাজী টিভির তহীদ মনিও একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রেসক্লাব যশোরের মোট ১২১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। ভোটগ্রহণের জন্য প্রেসক্লাবের নিচতলার শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে দুটি গোপন বুথ স্থাপন করা হয়। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল এবং সদস্য ছিলেন রেজাউল করিম।
নবনির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর প্রেসক্লাব যশোরের দায়িত্ব পালন করবেন।






















