প্রতিশ্রুতি নয়, মানুষের পাশে থেকে কাজ করতে চাই: ইমদাদুল হক ইমদাদ
- আপডেট: ০৫:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া এলাকায় সর্বস্তরের মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রথম দিনের মতো ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
শনিবার (১৯ সেপ্টেম্বর-২০২৬) সকালে তিনি ছোট আঁচড়ার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন ও নানা নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি কেবল মুখের প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, মানুষের পাশে থেকে বাস্তবে কাজ করতে চাই। ৮ নম্বর ওয়ার্ডের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট, সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাব। জনগণের প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ উন্নয়নের মাস্টারপ্ল্যান তৈরি করতে চাই।”
তিনি আরও বলেন, “একটি পৌরসভা তখনই সত্যিকার অর্থে উন্নত হিসেবে গণ্য হয়, যখন উন্নয়নের সুফল প্রতিটি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছায়। তাই নাগরিক সেবা বৃদ্ধির পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও জনকল্যাণমুখী আধুনিক পৌরসভা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
গণসংযোগের সময় স্থানীয় অধিবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের প্রত্যাশার কথা তাঁর সামনে তুলে ধরেন। প্রার্থী অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং ভবিষ্যতে সেসব সমস্যা ক্রমান্বয়ে সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার দীর্ঘদিনের সমস্যা ও অভাব-অভিযোগ সরাসরি শুনতে প্রার্থীদের এই ধরনের গণসংযোগ প্রশংসনীয়। জনপ্রতিনিধি নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ দিন গণসংযোগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, বেনাপোল পৌর বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবেরবেড় ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, জিয়াউর রহমান জিয়া, মফিজুর রহমান পিন্টু, হযরত আলী, যুবদল নেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা হান্নান হোসেন ও আহমদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি ও মহাসিন আলমসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ছোটআঁচড়া ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।






















