শৈলকুপায় ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, নারী আটক
- আপডেট: ০২:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৮

মাগুরা প্রতিনিধি।। ঝিনাইদহের শৈলকুপায় দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও গোপনাঙ্গে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় সুমাইয়া খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে শৈলকুপা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিরাজ বিশ্বাস ওই গ্রামের কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় এক বছর আগে সুমাইয়া খাতুনকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে স্থানীয়রা জানান।
সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন মিরাজ। এ সময় স্ত্রী তার যথাযথ সেবা-যত্ন করছেন না—এমন অভিযোগকে কেন্দ্র করে বুধবার তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ স্ত্রীকে থাপ্পড় দেন বলে জানা গেছে।
পরে রাতে মিরাজ ঘুমিয়ে পড়লে সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও গোপনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। মিরাজের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সুমাইয়া খাতুনকে আটক করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও ঘটনার পেছনের কারণ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।




















