প্রতিমন্ত্রী অমিতের কাছে অভিযোগ, পরদিনই ৯২ প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র
- আপডেট: ০১:১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৯২ জন প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে তুলে ধরার পরদিনই তাদের নিয়োগপত্র দেওয়া হয়।
২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে যশোরে মোট ২৯০ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম দফায় ১৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। বাকি প্রার্থীরা নিয়োগপত্র না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আসা যশোর-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে তারা বিষয়টি তুলে ধরেন।
প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, প্রতিমন্ত্রী প্রার্থীদের কথা শোনার পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি দ্রুত সমস্যা সমাধান অথবা নিয়োগপত্র না দেওয়ার কারণ জানানো হবে বলে প্রার্থীদের আশ্বস্ত করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি. এম. আলমগীর কবিরের তথ্য অনুযায়ী, মোট ২৯০ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও ২৭৭ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এর মধ্যে ১৮৪ জনকে প্রথম দফায় নিয়োগপত্র দেওয়া হয় এবং পরবর্তীতে আরও ৯২ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। একজন প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকায় তার নিয়োগ স্থগিত রয়েছে।
নিয়োগপত্র পাওয়া প্রার্থীরা জানান, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে বিষয়টি জানানোর পর পরদিন নিয়োগপত্র পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।



























