বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
- আপডেট: ০৭:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল।
বুধবার (২২ সেপ্টেম্বর-২০২৬) বিকেল সাড়ে চারটায় বেনাপোল বাজারের প্রধান সড়ক থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে বাহাদুরপুর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুর সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্যে শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “একটি চিহ্নিত চক্রান্তকারী মহল পেছনের দরজা দিয়ে এসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যেকোনো ধরনের পরিকল্পিত সন্ত্রাস ও চক্রান্তের বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর জবাব দেবে।”
শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে যারা ষড়যন্ত্রের জাল বুনছে, তাদের মূল উৎপাটন করতে যুবদল সর্বদা প্রস্তুত। অপপ্রচারের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা যুবদলের নেতাকর্মীরা রাজপথেই প্রতিহত করবে।”
পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু তাঁর বক্তব্যে বলেন, “বেনাপোলসহ সীমান্ত এলাকায় কোনো ধরনের সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার স্থান হবে না। যুবদলের প্রতিটি সদস্য অতন্দ্র প্রহরী হয়ে রাজপথে থেকে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াবে।”
বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু বলেন, “জনগণের অধিকার ও শান্তি নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। কোনো কুচক্রী মহলকে দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেওয়া হবে না। সকল চক্রান্তের বিরুদ্ধে যুবদলের রাজপথের এই লড়াই অব্যাহত থাকবে।”
উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় শার্শা উপজেলা যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, মনিরুজ্জামান মনি, মোজাফফর হোসেন, আব্দুর রশিদ, সদস্য আলাউদ্দিন আলাল, খায়রুজ্জামান সোহাগ ও আজগর আলী।
এছাড়াও বেনাপোল পৌর যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, রিপন হোসেন, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান জিয়া ও ইউনুস আলীসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
























