ডিমলা সীমান্তে ভারতীয় গরু আটক, চোরাকারবারিরা অধরা
- আপডেট: ০৫:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৯

রুবেল ইসলাম ডিমলা নীলফামারীর প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু রেখে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পালিয়ে যায় চোরাকারবারিরা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ ঝাড়সিংহেশ্বর বিওপির একটি টহলদল সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিএসবি ও এসআইপি-এর তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৯৫/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর এলাকায় অবস্থান নেয়।
এ সময় টহলদল সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় কয়েকজন ব্যক্তিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গবাদিপশু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তিরা গবাদিপশু ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির টহলদল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া একটি ভারতীয় গরু উদ্ধার করে। আটক গরুটির আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, আটক গবাদিপশুটির বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কাস্টমস কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে অবৈধভাবে গবাদিপশু পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।






















