যশোরে ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেয়ারডিল সিরাপসহ চৌগাছার ২ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০৭:১৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৬৮ বোতল ‘ফেয়ারডিল’ (FAIRDYL COUGH LINCTUS SYRUP) সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের আভিযানিক দল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর-২০২৬) রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর শহরের কোতোয়ালী মডেল থানার বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় যশোর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— যশোর জেলার চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ অলিয়ার বিশ্বাস (৩৬) এবং একই গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ রাসেল হোসেন (২২)।
এসআরবি সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দিগন্ত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে করে মাদকের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এর একটি চৌকস দল বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। বাসটি পৌঁছালে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা বিক্রয়ের উদ্দেশ্যে খুলনা থেকে ওই মাদকদ্রব্য কিনে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে অটল। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে এ মাদকের চালানটি ধরা সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, মাদকের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িত এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে এসআরবির এই অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





















