অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
- আপডেট: ১১:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদকঃ ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আদেশে প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আদেশে বলা হয়, ওসি রকিবুলকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করা হয়েছে।
গত বুধবার রাতে একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ওসি পরিচয়ে একজনকে সরকার, প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সমালোচনা করতে শোনা যায়।
অডিওতে তাকে বলতে শোনা যায়, “রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।”
তিনি অভিযোগ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।
তিনি পুলিশের ভেতরে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলেন। ঘুষের বিনিময়ে পুলিশে পদায়নের কথাও উল্লেখ করেন তিনি।
ডিএমপি জানিয়েছে, অডিও ক্লিপের বিষয়বস্তু খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



























