আজ শুভ জন্মাষ্টমী
- আপডেট: ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক : আজ শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তার সেই পুণ্য তিথির স্মরণে পরম শ্রদ্ধায় উদযাপিত হয় শুভ জন্মাষ্টমী।
হিন্দুরা বিশ্বাস করেন, যখন পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে আসেন। হিন্দুদের বিশ্বাস, জন্মাষ্টমীতে ব্রত পালন করলে সৎগুণের জয় হয়। এর ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সারা দেশে পূজা, আচার অনুষ্ঠানে হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীর আজিমপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ইসকন, রামকৃষ্ণ মঠ ও মিশনসহ সব মন্দিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে উৎসব উদযাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বেলা ৩টায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল বের হবে। এই মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। রাতে শ্রীকৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে।
রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজ সকাল ৮টায় মন্দিরে সম্পূর্ণ শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ভজন অনুষ্ঠিত হবে। রাতে শ্রীকৃষ্ণ পূজা শেষে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য আলোচনা করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ।
স্বামীবাগের ইসকন আশ্রমে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব’, যা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।
ঢাকার বাইরে যেসব জেলায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, সে আয়োজনগুলো দুপুর ১২টার মধ্যে; নতুবা সন্ধ্যা নামার আগেই শেষ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।



























