শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার ও সহায়ক ডিভাইস বিতরণ
- আপডেট: ১২:২১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: চলাচলের প্রতিবন্ধকতা যেন শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এ লক্ষ্যেই যশোরের শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ারসহ বিভিন্ন অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ-২০২৬ কর্মসূচির আওতায় শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার (৮ আগস্ট) এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. রেহানা বানু এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীনা রানী সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ারসহ প্রয়োজনীয় সহায়ক ডিভাইস তুলে দেন।
আয়োজকরা বলেন, শারীরিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে জন্য প্রয়োজনীয় সহায়ক উপকরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুইলচেয়ারসহ এসব অ্যাসিস্টিভ ডিভাইস শিক্ষার্থীদের চলাচল সহজ করার পাশাপাশি তাদের আত্মনির্ভরশীলতা বাড়াতে এবং শিক্ষাজীবনে এগিয়ে যেতে সহায়তা করবে।
প্রশাসনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।





















