শার্শায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- আপডেট: ১২:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে যশোরের শার্শায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে র্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, শার্শা, যশোরের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করছে ‘ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (ডিএই পার্ট)’। তিন দিনব্যাপী এ মেলা চলবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষিকে আরও টেকসই ও উৎপাদনশীল করার লক্ষ্যেই এ মেলার আয়োজন। মেলায় কৃষিতে জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার, আধুনিক কৃষি পদ্ধতি এবং পানি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।
মেলার মাধ্যমে কৃষক ও কৃষির সঙ্গে সংশ্লিষ্টদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির প্রয়োজনীয়তা তুলে ধরা হবে। একই সঙ্গে স্থানীয় কৃষকদের মধ্যে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং কৃষি উৎপাদনে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু এবং উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান।
আয়োজকরা মনে করছেন, তিন দিনের এ মেলা কৃষকদের কৃষি প্রযুক্তি বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















