নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
- আপডেট: ০৭:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১২

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রবিবার বিকেলে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত মিথিলা ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয় । এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একই পরিবারের তিন সদস্য ও ভ্যানচালক নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরো দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহতরা হলেন— নাদিয়াপাড়ার অলি বর্মনের ছেলে মিথিলাভ্যান চালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮), দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে ৪ জনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ।






















