ব্যবসায়ী পরিচয়ে দুই লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের অভিযানে খুলনায় তিন প্রতারক গ্রেপ্তার
- আপডেট: ১১:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী পরিচয়ে বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন খুলনার ফুলতলা থানার বরনপাড়া এলাকার দাউদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৪০), গফুর মোল্লার ছেলে হাফিজুর রহমান মোল্যা (৪৭) এবং একই গ্রামের হাযদার আলীর ছেলে ইমতিয়াল আহমেদ ওরফে সুজা (৩০)।
সোমবার (৬ জুলাই-২০২৬) ভোররাতে খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, যশোর শহরের কদমতলা এলাকার ব্যবসায়ী মো. ইকবাল হোসেন ফটোকপি মেশিনের যন্ত্রাংশ বিক্রি ও মেরামতের ব্যবসা করেন। কয়েক মাস আগে ব্যবসায়িক কাজে খুলনায় গিয়ে তার সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয়। তারা নিজেদের ফটোকপি মেশিনের যন্ত্রাংশ সরবরাহকারী হিসেবে পরিচয় দিয়ে নিয়মিত যোগাযোগ শুরু করেন।
বিশ্বাস অর্জনের উদ্দেশ্যে প্রথমে তারা ইকবাল হোসেনের একটি ছোট অর্ডারের যন্ত্রাংশ যথাযথভাবে সরবরাহ করেন। এতে তাদের প্রতি তার আস্থা তৈরি হয়। পরে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তারা যশোরে এসে কদমতলা এলাকার ‘মোহনা টাইপ রাইটার সার্ভিস’ প্রতিষ্ঠানে ইকবাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় ব্যবসায়িক প্রয়োজনে জরুরি অর্থের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে অর্ডার করা মালামালের মূল্যের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দিয়ে ইকবাল হোসেনের কাছ থেকে নগদ দুই লাখ টাকা নেন। একই দিন সন্ধ্যার মধ্যে মালামাল সরবরাহের প্রতিশ্রুতি দিলেও পরে তারা কোনো মালামাল দেননি। পাশাপাশি ব্যবহৃত মোবাইল নম্বরগুলোও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় ইকবাল হোসেন কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করলে ২০২৬ সালের ১৯ মে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা রুজু হয়। পরে মামলাটির তদন্তভার পায় পিবিআই যশোর।
তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পিবিআইয়ের একটি দল সোমবার ভোরে খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় মনিরুল ইসলামের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার বিকেলে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।





















