তেরখাদায় ইউপি নির্বাচন ঘিরে কাটেঙ্গায় হুমায়ুন কবিরের সমর্থনে সমাবেশ
- আপডেট: ১০:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৫

খুলনা ব্যুরো: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। এর অংশ হিসেবে গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্যা হুমায়ুন কবির।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তাঁর প্রতি সমর্থন জানিয়ে এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে একমত হন উপস্থিত গ্রামবাসীর অনেকে।
কাটেঙ্গা গ্রামের সমাজসেবক এফ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তব্য দিতে গিয়ে বক্তারা এলাকার সামাজিক বন্ধন অটুট রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে মোল্যা হুমায়ুন কবির বলেন, এলাকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে।
সবাইকে সঙ্গে নিয়ে কাটেঙ্গা গ্রামের উন্নয়নে কাজ করতে চান তিনি। তাঁর ভাষ্য, একটি সুন্দর সমাজ গড়তে হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সামষ্টিক কল্যাণকে গুরুত্ব দিতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করে তাঁদের প্রত্যাশা পূরণ করাই তাঁর লক্ষ্য। এলাকার মানুষের পাশে থেকে জন কল্যাণ মূলক কাজের মাধ্যমে বারাসাত ইউনিয়নকে এগিয়ে নিতে চান তিনি। এ জন্য দলমত-নির্বিশেষে সবার সহযোগিতাও কামনা করেন।
গ্রামের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, কাটেঙ্গাকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে শিক্ষা, কর্মসংস্থান ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন। পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে সামাজিক সম্প্রীতির পরিবেশ ধরে রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বারাসাত ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যাশাও জানান তিনি।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা শেখ এহিউল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন মোল্যা গোলাম কিবরিয়া, মোল্যা হেমায়েত উদ্দিন, মোল্যা হেদায়েত হোসেন, আব্দুল্লাহ আল মেহেদী, মোল্লা শহিদুল ইসলাম, মো. হানিফ মোল্লা, মো. শরিফুল মোল্লা, লতিফ মোল্লা, আলম মোল্লা, মো. আব্বাস শেখ, মো. সোহেল মল্লিক, আসলাম মোল্লা, পাভেল মোল্লা ও মো. শহিদুল শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সভায় অর্ধ সহস্রাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং বারাসাত ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।





















