যশোরে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের সাততলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- আপডেট: ১২:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ১৪

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
যশোর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে শহরের মনিহার পুরাতন খুলনা বাসস্ট্যান্ড এলাকায় সাততলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় মনিহার সিনেমা হল সড়কসংলগ্ন এলাকায় এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
প্রকল্পের আওতায় সাততলা ভবনটিতে মোট ৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ ভবন নির্মাণের মাধ্যমে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তাঁদের পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন পরিচ্ছন্নতাকর্মীরা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের আবাসন সুবিধা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পরিকল্পিত আবাসন গড়ে তোলা হলে তাঁরা ও তাঁদের পরিবার উপকৃত হবেন। নগর উন্নয়নের পাশাপাশি নগরের সেবায় নিয়োজিত মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রকল্পটির প্যাকেজ নম্বর PD/Pori.Abahan/Jasore.W1.47। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), যশোরের বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করছে মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বনপাড়া, নাটোর।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সুবিধা সম্প্রসারিত হবে এবং তাঁদের জন্য উন্নত ও পরিকল্পিত জীবনযাপনের পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হবে।





















