মণিরামপুরে পাট ধোয়াকে কেন্দ্র করে যুবককে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ
- আপডেট: ০৬:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মণিরামপুরে কপোতাক্ষ নদীতে পাট ধোয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সাগর (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ১ নম্বর রোহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাশিমপুর গ্রামে কপোতাক্ষ নদীর তীরে এ ঘটনা ঘটে। আহত শামীম বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শামীমের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে পাট ধোয়ার জন্য কপোতাক্ষ নদীতে যান তিনি। সেখানে পাট ধোয়ার কাজ করার সময় একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর তাঁকে বাধা দেন। নদীর ওই স্থানে পাট ধোয়া যাবে না—এ কথা বলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরিবারের অভিযোগ, একপর্যায়ে শামীম পাট ধোয়ার কাজে ব্যস্ত থাকাকালে সাগর পেছন থেকে রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে কোনো রকমে বাড়িতে ফিরে আসেন শামীম। তাঁর শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আহত শামীমের পরিবার জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত সাগরের বিরুদ্ধে আগামীকাল শনিবার (১০ অক্টোবর) থানায় মামলা করবেন তাঁরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত সাগরের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।





















