নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান: নিষিদ্ধ হর্ণ ব্যবহারে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা
- আপডেট: ০৬:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৩

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে নীলফামারীতে জোরালো অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে তিনটি যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই পাঁচটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস ও মো. এ.কে.এম শাহ্ আরেফিন ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।
অভিযান চলাকালীন চালকদের সতর্ক করার পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।





















