শার্শায় বিশেষ অভিযানে নাশকতা ও বিস্ফোরক মামলায় আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
- আপডেট: ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত শার্শা ও ঝিকরগাছা উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত মতলেবের ছেলে মো. নজরুল ইসলাম (৬০), দীঘা চালিতাবাড়ীয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্লার ছেলে মো. জসিম উদ্দিন (৫৫) এবং ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. আবুল কালাম (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের নিজ বসতবাড়ি থেকে মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এরপর বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে শার্শা থানার দীঘা চালিতাবাড়ীয়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। একই দিন সকাল ৬টা ৫০ মিনিটের দিকে শার্শা থানার যাদবপুর গ্রামের নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকা থেকে মো. আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার মো. নজরুল ইসলাম শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, মো. জসিম উদ্দিন কায়বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মো. আবুল কালাম ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেপ্তার তিন আসামিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





















