উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে সবুজ হোসেন খানের দায়িত্ব গ্রহণ
- আপডেট: ১০:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৩৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সবুজ হোসেন খান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর-২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রধান শিক্ষকের ৩ জুলাই ২০২৬ তারিখের অনলাইন আবেদনের (আইডি-৩৮০২৯) পরিপ্রেক্ষিতে উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেয় যশোর শিক্ষা বোর্ড।
বোর্ডের অনুমোদনপত্রে বলা হয়েছে, ২৯ মার্চ ২০২৬ তারিখের অনুমতির ভিত্তিতে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)’-এর প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (১) অনুযায়ী এ এডহক কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে রয়েছেন মো. সবুজ হোসেন খান। জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য মো. সহিদুজ্জামান এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মো. মীর শরিফুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের অনুমোদন অনুযায়ী, পত্র ইস্যুর তারিখ থেকে অনধিক ছয় মাসের জন্য এ এডহক কমিটি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)’-এর প্রবিধান ১০-এর উপ-প্রবিধান (১) অনুসরণ করতে বলা হয়েছে।
বোর্ডের অনুমোদনের পর বৃহস্পতিবার বিকেলে উলাশী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এডহক কমিটির সভাপতি হিসেবে মো. সবুজ হোসেন খানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনারুল হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (সাবেক) মুনছুর আলী ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং এডহক কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শার্শা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুনুর রশীদ মামুন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, শার্শা উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামান বদি, উলাশী ইউনিয়ন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মহিউদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক আলী হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক পরান এবং নাভারণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনও উপস্থিত ছিলেন।
বোর্ডের অনুমোদনপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অনুমোদিত এডহক কমিটি পরিবর্তনের ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। চেয়ারম্যানের নির্দেশক্রমে অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. এনামুল কবীর।






















