শার্শায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা
- আপডেট: ১১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে যশোরের শার্শায় আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর-২০২৬) বেলা ১১টায় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বায়েজিদ হোসেন, শার্শা উপজেলা পূজা পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীল কোমল সিংহ।
এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শার্শা উপজেলা শাখার আহ্বায়ক শ্রী অজিত বিশ্বাস ও শ্রী শম্ভু কুমার পালসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্টরা সভায় অংশ নেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, এ বছর শার্শা থানার আওতাধীন ২৪টি এবং বেনাপোল পোর্ট থানার আওতাধীন ৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।



















