খাগড়াছড়িতে চশমা সেবায় নতুন উদ্যোগ ‘RGIL’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৬

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
দৃষ্টিশক্তিজনিত সমস্যা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় চশমা সেবার মাধ্যমে মানুষের কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বাড়ানোর লক্ষ্যে খাগড়াছড়িতে ‘Reading Glasses for Improved Livelihoods (RGIL)’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে গ্রীণ হিলের উদ্যোগে এবং ইউনাইটেড পারপাসের সহযোগিতায় সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড পারপাসের কান্ট্রি ডিরেক্টর সুলতান মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রীণ হিলের RGIL প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিটু দত্ত।
সভায় জানানো হয়, RGIL প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলার পাঁচটি উপজেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় ২৩টি ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বর্তমানে খাগড়াছড়ির তিনটি উপজেলার ১৫টি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া রাঙামাটির একটি উপজেলার ১৫টি ইউনিয়ন এবং বান্দরবানের একটি উপজেলার তিনটি ইউনিয়নে এ কার্যক্রম চলছে।
প্রকল্পের মাধ্যমে দৃষ্টিশক্তিজনিত সমস্যা রয়েছে এমন মানুষের প্রয়োজনীয়তা চিহ্নিত করে উপযুক্ত চশমা সেবা দেওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি ও জীবিকার পারস্পরিক সম্পর্ক বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় ভিশন স্প্রিং প্রকল্পের অ্যাসোসিয়েট ডিরেক্টর উম্মে সাওদা, গ্রীণ হিলের উপ-পরিচালক যতন কুমার দেওয়ান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৌজা হেডম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















