যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক-১
- আপডেট: ১১:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাড়ির গ্যারেজ থেকে চুরি হওয়া একটি FZ V-2 মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানার উপ-শহর পুলিশ ক্যাম্প। এ ঘটনায় মো. হানিফ ওরফে অনিক (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা কাজী নাইমুর রহমান (২৬) তার ক্রয়কৃত FZ V-2 মোটরসাইকেলটি বাড়ির গ্যারেজে রেখে দেন। পরদিন সকালে গ্যারেজে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তিনি। পরে বিষয়টি পুলিশকে অবহিত করে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর মোটরসাইকেলটি উদ্ধারে যশোরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী মডেল থানার উপ-শহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল কোতয়ালী মডেল থানার বাহাদুরপুর বাঁশতলা গ্যাস পাম্পসংলগ্ন বাইক হসপিটাল গ্যারেজের সামনে অভিযান চালায়।
এ সময় মো. হানিফ ওরফে অনিককে আটক করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া FZ V-2 মোটরসাইকেল এবং একটি বাটন SYMPHONY HERO 20 মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক হানিফ ওরফে অনিক যশোরের কোতয়ালী থানার কিসমত নওয়াপাড়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বাদী কাজী নাইমুর রহমানের ক্রয়কৃত। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





















