গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়ার পরই ডিসি-এসপি প্রত্যাহার, নতুন দায়িত্ব পেলেন যারা
- আপডেট: ০৮:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা ও দেশি অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়ার দিনই জেলার প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ পদে বড় রদবদল এনেছে সরকার। গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই বদলি ও নতুন দায়িত্ব দেওয়ার তথ্য জানানো হয়।
ডিসি ও এসপি পদে যারা এলেন এবং গেলেন
গোপালগঞ্জের ডিসি বদল: গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে।
হবিগঞ্জের নতুন ডিসি: হবিগঞ্জে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেন।
চুয়াডাঙ্গার ডিসি: এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সুপার (এসপি) বদল: গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে বদলি করে ফেনীর এসপি করা হয়েছে। অন্যদিকে, ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন এই হঠাৎ রদবদল?
রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল ও মহড়া দেন। এ সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চীনা কুড়াল, টেঁটা ও বল্লমের মতো ভয়ংকর দেশি অস্ত্র দেখা যায়। মাথায় হেলমেট পরে বিভিন্ন স্লোগান দিয়ে তারা শহরে আতঙ্ক সৃষ্টি করেন।
এমন উত্তপ্ত পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবরের মধ্যেই সরকার গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ এই দুই পদে তাৎক্ষণিক পরিবর্তন আনল।

























