ডিমলায় পল্লী বিদ্যুতের ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন গ্রাহক; ভোগান্তিতে ব্যবসায়ীরা
- আপডেট: ০৭:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ২৩

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় পল্লী বিদ্যুতের অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার অভিযোগ উঠেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিমলা সাব-জোনাল অফিসের আওতাধীন চলিত ঠাকুরগঞ্জ অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় থমকে যাচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও জরুরি কাজকর্ম।
অভিযোগ রয়েছে, অভিযোগ কেন্দ্রের ইনচার্জ রাজেন্দ্র নাথ নিজের সুবিধামতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও চালু করছেন। গ্রাহকদের অভিযোগ, লাইন মেরামত কিংবা রক্ষণাবেক্ষণের নামে দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রাখা হলেও আগে থেকে কোনো প্রচার বা মাইকিং করা হয় না। ফলে বিদ্যুতের ওপর নির্ভরশীল ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও শ্রমজীবী মানুষকে পড়তে হচ্ছে চরম বিপাকে।
এরই ভুক্তভোগী কালিগঞ্জ গ্রামের কম্পিউটার ব্যবসায়ী আমজাদ হোসেন। বিদ্যুতের অভাবে দোকানের জরুরি কাজ করতে না পেরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাঁকে।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কম্পিউটারের দোকানের কাজের জন্য এসে ঘণ্টার পর ঘণ্টা বসে আছি। বিদ্যুৎ না থাকায় আমার অনেক জরুরি কাজ বন্ধ হয়ে আছে। এটা কেমন পল্লী বিদ্যুৎ? বিদ্যুতের কারণে আমাদের জীবনের অনেক কাজ থেমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা পরিচালনা করাই কঠিন হয়ে পড়বে।”
গ্রাহকদের আরও অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে কিংবা অভিযোগ জানাতে নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায় না। অভিযোগ কেন্দ্রের ইনচার্জ রাজেন্দ্র নাথ নিজে ওই নম্বর ব্যবহার না করে বিভিন্ন কর্মচারীর মাধ্যমে যোগাযোগ পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ গ্রাহকরা সরাসরি অভিযোগ জানানোর সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে অভিযোগ কেন্দ্রের ইনচার্জ রাজেন্দ্র নাথের সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমি যখন লেবার পাই, তখন বিদ্যুৎ বন্ধ করে কাজ করি।” তবে কাজের প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ রাখার আগে গ্রাহকদের অবহিত করা হয় না কেন—এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব তিনি দিতে পারেননি।
অন্যদিকে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ মুজিবর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই, আমি দেখছি।” এজিএম মো. মাসুদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডিজিএমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এদিকে প্রশ্ন উঠেছে, গ্রাহকদের অবহিত না করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার দায়ভার কার?
রক্ষণাবেক্ষণের কাজের অজুহাতে দিনের বড় একটি সময় বিদ্যুৎ বন্ধ থাকলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ক্ষতির দায় কে নেবে? আর অভিযোগ জানানোর জন্য নির্ধারিত নম্বর ব্যবহার করেও কেন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না?
বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য নাগরিক সেবা। অথচ সেই সেবা নিয়েই গ্রাহকদের এমন ভোগান্তি যেন দেখার কেউ নেই। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও গ্রাহকদের যদি ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়, তাহলে পল্লী বিদ্যুতের জবাবদিহি কোথায়?
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, অভিযোগ কেন্দ্রের অনিয়ম ও বিদ্যুৎ সরবরাহের স্বেচ্ছাচারিতা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিদ্যুৎ বন্ধের আগে গ্রাহকদের আগাম জানানো এবং অভিযোগ কেন্দ্রের নির্ধারিত ফোন নম্বরে দায়িত্বশীল কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে। অন্যথায় পল্লী বিদ্যুতের এমন খামখেয়ালিপনায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।






















