যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি
- আপডেট: ০৭:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান চালাচ্ছে বাহিনীটি। এ কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
রোববার (১৫ নভেম্বর-২০২৬) বিকেল ৩টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী বা দোসর যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকার অপরাধ ও নিরাপত্তাসংক্রান্ত যেকোনো তথ্য বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে নিজেদের মতামত ও পরামর্শ দেন।





















