খুলনায় এসআরবির অভিযানে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার
- আপডেট: ০৩:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ আশিক বাহিনীর শুটার জনিকে (২২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, স্পেশাল কোম্পানি।
রোববার (১ নভেম্বর-২০২৬) রাত ১টা ৩০ মিনিটের দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে জনিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার জনি (২২) খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেফতার জনির অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্ববর্তী রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে তার বিরুদ্ধে।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার জনিকে কেএমপি, খুলনার সদর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এসআরবি-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এ ছাড়া চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতারেও অগ্রণী ভূমিকা পালন করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।











