দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন
- আপডেট: ০৪:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৫

খাগড়াছড়ি প্রতিনিধি।। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ এবং কানাডার সহযোগিতায় পরিচালিত ProGRESS প্রকল্পের আওতায় জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। এই শক্তিকে যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। তাই তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি তাঁদের যোগ্যতা ও সম্ভাবনা বিকাশে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে দক্ষ ও কর্মক্ষম যুবসমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প ব্যবস্থাপক দয়ানন্দ ত্রিপুরা ও প্রোগ্রাম অফিসার রিকেন তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।











