উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- আপডেট: ০৭:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ২৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর-২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সবুজ হোসেন খানের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুনছুর আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, শার্শা উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বদি, উলাশী ইউনিয়ন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব আলী, বিএনপি নেতা আয়ুব হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।
এ সময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সবুজ হোসেন খান বলেন, নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতি, অধ্যবসায় ও পরিশ্রমের মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এই ফলাফল শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, আসন্ন এসএসসি পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখবে বলে তিনি আশাবাদী। এ সময় তিনি সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।























