প্রত্যাবর্তন নয়, মৃত্যুদণ্ডে দণ্ডিত হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতে ফেরাতে হবে: রিজভী
- আপডেট: ০৯:৩৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৬

নিজস্ব প্রতিবেদকঃ মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন নয়, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আইনজীবীরা তার পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্রের বিষয়টি সামনে আনছেন। কিন্তু প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ বা দণ্ড না থাকলে তিনি নিজ দেশে ফিরতে পাসপোর্টের আবেদন করতে পারেন। তবে অপরাধের মামলায় অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি দুই দেশের আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির বিধান অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। তার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এবং দেওয়া দণ্ডের বিষয়টিও আইনি প্রক্রিয়ার আওতায় আসতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় তার সাজা হয়েছে। ফলে তার দেশে ফেরার বিষয়টি পাসপোর্ট, ভিসা বা জাতীয় পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি প্রত্যর্পণের আইনি প্রক্রিয়ার বিষয়।
রিজভী বলেন, একজন অপরাধীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আইন ও চুক্তি রয়েছে, সেই বিধিবিধান মেনেই তাকে বিচারের আওতায় আনতে হবে।

























