পুরস্কৃত হলেন শার্শা থানার সেকেন্ড অফিসার আশীষ সরকার ও কনস্টেবল ফজলুল হক
- আপডেট: ১২:১৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন যশোরের শার্শা থানার দুই পুলিশ সদস্য। তারা হলেন থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার ও কনস্টেবল মো. ফজলুল হক (ফজলু)।
গত বুধবার (২৮ অক্টোবর-২০২৬) যশোর পুলিশ লাইনসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত জুন মাসের শেষ দিকে শার্শা থানায় সেকেন্ড অফিসার হিসেবে যোগদান করেন এসআই আশীষ সরকার। যোগদানের পর থেকেই মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। দায়িত্ব পালনে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এর আগেও গত জুলাই মাসে বিশেষ পুরস্কার পেয়েছিলেন তিনি।
অন্যদিকে, কনস্টেবল মো. ফজলুল হক (ফজলু) থানার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন অভিযান পরিচালনায় পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা করে আসছেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন এবং অভিযান পরিচালনায় আন্তরিক সহযোগিতার স্বীকৃতি হিসেবে তাকেও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত এসআই আশীষ সরকার বলেন, “এই পুরস্কার দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে। মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা নিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে তাদের এ অর্জন থানার অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে। মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অপরাধ নিয়ন্ত্রণে শার্শা থানা পুলিশ পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করতে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।”
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা মনে করছেন, ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমকে আরও গতিশীল করবে।





















