বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫
- আপডেট: ০৭:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত একজনসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর-২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীরের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মো. বাহার আলী বিশ্বাস (৫২)। তিনি শাখারীপোতা গ্রামের মৃত আব্দুল্লাহ বিশ্বাসের ছেলে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বাহার আলীকে শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে শাখারীপোতা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জিআর মামলা নম্বর ৩০২/২০-এর আসামি শ্রী নেপাল মণ্ডল (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের শ্রী সুধীর মণ্ডলের ছেলে।
একই অভিযানে সামারি ট্রায়াল মামলার আসামি শার্শা থানার শ্যামলাগাছী গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. তাইজুল ইসলাম (৩২), এবং বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৭) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পুলিশ রিমান্ডের আসামি হিসেবে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার শংকরপুর (পূর্বপাড়া) গ্রামের সিরাজুল গাইনের ছেলে মিয়ারাজ গাইন (২৭) অভিযানের বিবরণে উল্লেখ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার পাঁচ আসামিকে শুক্রবার (৩০ অক্টোবর-২০২৬) পুলিশি পাহারায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





















