মোংলায় এসআরবির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-৪
- আপডেট: ১১:১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোংলা পৌরসভার বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল।
বুধবার (২৮ অক্টোবর-২০২৬) রাত ১১টা ৩০ মিনিটে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রুমি ইসলাম (৩২), নজরুল ইসলামের ছেলে; মো. পারভেজ (২১), মো. পলাশের ছেলে; মোছা. ময়না (২৪), সগির হোসেনের স্ত্রী এবং মোছা. ফাতেমা (৩০), মৃত মতিনের স্ত্রী। তাঁরা সবাই মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকার শ্রম কল্যাণ রোডের বাসিন্দা।
এসআরবি-৬-এর তথ্য অনুযায়ী, অভিযানকালে উদ্ধার করা ১৫ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধার করা গাঁজাসহ তাঁদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬-এর মিডিয়া উইং জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটির মিডিয়া উইং।





















