নড়াইলে আওয়ামী ফ্যাসিস্টদের লগি বৈঠার তান্ডবে নিহত শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
- আপডেট: ১১:০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ২

নড়াইল প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নারকীয় তাণ্ডবে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমীর ও নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আমীর জাকির হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আকিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল আবদার,
জামায়াত নেতা সাদেকুল ইসলাম, রাকিবুল ইসলাম, গাজী মইনুল ইসলাম, আজমির হোসেন, মাওলানা রেজাউল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর পৌরসভার মেয়র প্রার্থী হেমায়েত উল্লাহ হিরু, সদর উপজেলা আমীর আল আমিন জেলা নায়েবে আমীর মাস্টার জাকির হোসেন, জামায়াতে ইসলামীর মিডিয়া বিষয়ক সম্পাদক খান আব্দুস সোবহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “২০০৬ সালের এই দিনে পল্টনে আওয়ামী ফ্যাসিস্টরা প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তাণ্ডব চালিয়ে জামায়াত-শিবিরের ১৪ জন নেতাকর্মীকে নির্মমভাবে শহীদ করে। সেদিন পুলিশের নীরব ভূমিকা ও রাষ্ট্রীয় মদদে সংঘটিত এই হত্যাকাণ্ড সারা বিশ্বকে স্তম্ভিত করেছিল। দুই দশক পেরিয়ে গেলেও শহীদ পরিবারগুলো আজও ন্যায়বিচার পায়নি।”
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বাচ্চু বলেন,
“ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদাঙ্কই অনুসরণ করছে বর্তমান সরকার। সরকারের মধ্যে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে অযোগ্য লোকদের বসাচ্ছে। সরকার যদি জনগণের রায় ও গণভোটের অনুভূতি বুঝতে ব্যর্থ হয়, তাহলে পলাতক ফ্যাসিবাদের চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তাই আহ্বান জানাবো, ফ্যাসিবাদের পথ পরিহার করে জনগণের কাতারে ফিরে আসুন এবং গণভোটের রায় বাস্তবায়ন করুন।”
আলোচনা শেষে ২৮ অক্টোবরের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
সমাবেশ শেষে আলোক চিত্রের মাধ্যমে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠা দিয়ে হামলা ও হত্যার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।





















