মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার : ধর্মমন্ত্রী
- আপডেট: ০৪:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৩১

নিজস্ব প্রতিবেদকঃ মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ ধরনের গর্হিত কর্মকাণ্ড বন্ধে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন ধর্মমন্ত্রী।
সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় তিনি জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ সমাজের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বক্তব্য দিতে ইমামদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সমাজে ইমামদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে এবং তাদের আলাদা সম্মান ও মর্যাদা রয়েছে। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


























