একদিনে জমি রেজিস্ট্রি, নামজারিতে দুই মাসের ভোগান্তি!”
- আপডেট: ১১:০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৯

মোঃ রুবেল হোসেন, মহেশপুর (ঝিনাইদহ):
জমি রেজিস্ট্রি করতে সময় লাগে মাত্র একদিন, অথচ সেই জমির নামজারি করতে গিয়ে প্রায় দুই মাস অপেক্ষা করতে হচ্ছে জমির মালিকদের। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নামজারি কার্যক্রমে দীর্ঘসূত্রতার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
জমি কেনার পর নিজের নামে রেকর্ড হালনাগাদ করতে নামজারির আবেদন করেন জমির মালিকরা। কিন্তু দীর্ঘ সময়েও আবেদন নিষ্পত্তি না হওয়ায় অনেকেই পড়ছেন নানা সমস্যায়। জমি বিক্রি, মালিকানা-সংক্রান্ত কাগজপত্র হালনাগাদসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে বিড়ম্বনার শিকার হচ্ছেন তাঁরা।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি রেজিস্ট্রির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলেও নামজারির ক্ষেত্রে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে সরকারি সেবা নিতে গিয়ে বাড়তি দৌড়ঝাঁপ ও অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে।
নামজারি করতে আসা একাধিক সেবাপ্রত্যাশীর অভিযোগ, আবেদন করার পর দীর্ঘ সময় পার হলেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। দ্রুত নামজারি সম্পন্ন করার পাশাপাশি হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ খাইরুল ইসলাম বলেন, “অফিসে কর্মকর্তা না থাকার কারণে নামজারি কার্যক্রমে এ সমস্যার সৃষ্টি হয়েছে।”
নতুন সহকারী কমিশনার (ভূমি) শেখ তৌহিদুল কবীর বলেন, “জমে থাকা আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।”
সচেতন মহলের মতে, নামজারি প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করা জরুরি। আবেদনের অগ্রগতি সম্পর্কে আবেদনকারীদের নিয়মিত তথ্য প্রদান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই দ্রুত সম্পন্ন এবং অযথা বিলম্বের কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ভুক্তভোগীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নামজারি কার্যক্রমের দীর্ঘসূত্রতা কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনআস্থা বাড়বে।






















