কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট: ০৯:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১৪

কেশবপুর (যশোর) প্রতিনিধি: মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে জনসাধারণকে সচেতন করতে এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে যশোরের কেশবপুর পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর পৌরসভা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সামাদ বিশ্বাস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমির অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।
এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু পৌর কর্তৃপক্ষের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ ও পরিচ্ছন্ন পৌর এলাকা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।





















