কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা
- আপডেট: ০৯:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ৮

মোঃ মন্জুরুল ইসলাম মুকুল : শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান হাফিজ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী।
পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলার ১০২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ উপলক্ষে দায়িত্ব পালন করছেন ৬৩০ জন আনসার সদস্য।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।





















