বেনাপোলে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট: ১১:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদকঃ বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মিথ্যা অপপ্রচার ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল পৌর বিএনপি ও পৌরবাসী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বেনাপোলের হোটেল সানরুফ মিলনায়তনে (রহমান চেম্বারে) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি আতিকুজ্জামান সনি নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে বেনাপোল পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আবু তাহের ভারত-এর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করেছেন। এর মাধ্যমে তিনি মো. আবু তাহের ভারত-এর সামাজিক ও রাজনৈতিক মানহানি করার অপচেষ্টা চালিয়েছেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, অভিযুক্ত আতিকুজ্জামান সনি বেনাপোল পৌর টার্মিনালে নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত টাকা আদায়, ভারতীয় ট্রাকচালকদের ভয়ভীতি দেখিয়ে অবৈধ অর্থ আদায় এবং বৈষম্যবিরোধী পরিস্থিতির সুযোগ নিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
আরও জানানো হয়, আতিকুজ্জামান সনির মালিকানাধীন সিঅ্যান্ডএফ এজেন্ট ‘কাব্য এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে শুল্ক ফাঁকি ও বন্দর থেকে অবৈধ পণ্য পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অপকর্মের কারণে কাস্টমস হাউস কর্তৃপক্ষ ইতিমধ্যে তার সিঅ্যান্ডএফ লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে এবং তার বিরুদ্ধে আইনগত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শেখ হাসিনার সরকারের পতনের পর নিজের অপকর্ম ঢাকতে এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে আতিকুজ্জামান সনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নানা ধরনের উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আতিকুজ্জামান সনির অপকর্ম, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের যাবতীয় প্রমাণ ইতিমধ্যে যথাযথ কর্তৃপরে কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে দলকে বিভ্রান্ত করার অপরাধে সনির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলা ও কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহক মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দূস সবুর, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান মল্লিক, যশোর জেলা কৃষকদলের সদস্য আব্দুল মতিন, শার্শা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক সোহারাব হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















