শার্শায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, রাষ্ট্রের প্রতিটি কাজকে পবিত্র দায়িত্ব মনে করে পালন করতে হবে, যাতে কোনো সাধারণ নাগরিক হয়রানির শিকার না হন। মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার রোধে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে নতুন প্রজন্ম সুন্দরভাবে বাঁচতে ও বেড়ে উঠতে পারে।
সভাপতির বক্তব্যে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের জন্য কমিটি গঠন করে সুষ্ঠু বিচারব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া আগামী শনিবার থেকে উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বিজিবির প্রতিনিধিরা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সীমান্তে অবৈধ পণ্য পাচার রোধ এবং মাদক নির্মূলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের গুরুত্বও সভায় উঠে আসে।
সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট কমিটির সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিরা।





















